সোমবার, ৭ নভেম্বর, ২০১১

ঘোর

(১)

আজ অফিসে এসে প্রথমেই আমার যে ডিজাষ্টারটি হল তা ঘটাল আমাদের অফিস বয় বাবু। কোথা থেকে আমাদের রিসিফসনিষ্ট তাকে ধরে এনেছিল ঠিক জানিনা। তবে সে সর্বদাই আলোচনার শীর্ষে। প্রতিদিন অফিসে কারো না কারো সাথে কিছু না কিছু ঘটাবেই। আমি খুব কমই তাকে ব্যবহার করি; তার প্রথম কারণ কর্নাটকের ভাষা আজ বছর দশেক ব্যাঙ্গালোর থেকে ও খুব ভাল ভাবে রপ্ত করতে পারিনি। তার উপর বাবু জানে শুধুমাত্র কঙ্কনী। কঙ্কনী ভাষা কর্নাটকের অন্যতম আদি আঞ্চলিক ভাষা। কিন্তু এই ভাষার উচ্চারণ আমার বোধগম্যের শুধু বাইরেই নয় একেবারেই বাইরে। যা হোক কিছু কিছু তাল মিলিয়ে নিতে পারি। তবে বাবুর সাথে তাল মেলাতে পারিনা। একে তো ভাষা সমস্যা তার উপর সে জল চাইলে চা, চা চাইলে কলম নিয়ে এসে হাজির হয়। তাকে কোন কিছু বললে দু-তিনবার করে নিশ্চিত করে দিতে হয় সমস্যা এড়ানোর জন্য।আর দ্বিতীয় কারণ- তার ফাঁক ওয়ালা দুটি দাঁত। যা আমি একে বারেই দেখতে পারি না। ঈশ্বরের সৃষ্টিকে অবহেলা করার অধিকার হয়তো আমার নেই তবে প্রত্যেক সৃষ্টিরও আপন সৌন্দর্য্য রক্ষায় অবহেলা অপরাধ।




যাহোক, আজ বাবু যা করল তাতে আমার সমস্ত দিনের শান্তি বিনষ্ট। কাষ্টমার এনালইসিসের রিপোর্টটা করব বলে কাষ্টমার এন্ট্রির রেকর্ড বুকটা পাশে রেখে PC-তে এনালাইসিসটা রেডি করছিলাম। Shoppers Stop,  ইন্ডিয়ান রিটেইলের Icon  নিঃসন্দেহে। আর আজও ইন্ডিয়ান রিটেইলের "নাম্বার ওয়ান" পজিশন ধরে রেখেছে শুধু টেকনলজি আর এনালাইসিসের জন্য। সুতরাং ডাটা এনালাইসিস বা উপাত্ত পর্যবেক্ষন অনেক জরুরী। গত বেশ কিছু দিন ধরে কাষ্টমার এন্ট্রি একটু কম তাই মনোযোগ দিয়ে এনালইসিসটা করছিলাম। হঠাৎ তেষ্টা পেয়ে গেল। সকালের নাস্তা করে পর্যাপ্ত জল খাওয়া হয়নি।
বাবুকে বললাম-বাবু, নীর কোরপা । নির নির (বঙ্গানুবাদঃ বাবু জল নিয়ে এস। জল জল।
বাবু আমার কথা শুনে সেই যে গেল আর খবর নেই। কিছুক্ষন পরে হঠাৎ আমার রেজিষ্টার বইয়ের উপর জল সহ গ্লাস গড়িয়ে পরল। চোখ তুলে তাকিয়ে দেখি বাবু তার সাদা দাত দুটো বের করে তাকিয়ে আছে। ধমক দিব; না কি করব, ভাবনার অতীত হয়ে গেল। প্রচন্ড রাগ হল নিজের উপর। কেন আমি বাবুকে আমার পিপাসার কথা বললাম? অনেক কষ্টে সমস্ত রেজিষ্টার শুকিয়ে সমস্ত গুছিয়ে নিলাম কিন্ত কিছুতেই ডিজাষ্টারটির তিক্ততা পরিহার করতে পারলাম না।
(২)

বেলা তিনটার দিকে লাঞ্চ সেরে একটু ভাল মুড নিয়ে সবে চেয়ারে বসেছি এমনি সময় অনিলের ফোন। অনিল কুমার এ. ছিল আমার কাষ্টমার সার্ভিস টিমের সবচেয়ে অবাধ্য টিম মেম্বার। অনেক সাধ্য করেও আমি তাকে আমার কাজের বাধ্যগত করতে পারিনি। তার দক্ষতাকে পুরোপুরি কাজে লাগাতে পারিনি কেবলমাত্র বাঙালি বস বলে। জটিলতা এড়াতে এক সময় অনিলকে প্রমোশন দিয়ে অন্য শাখায় স্থানান্তর করা হয়। ওখানে তাকে ছোট্ট একটা টিম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এই নতুন দায়িত্ব পেয়েই সে বুঝতে পারে যে আমার সাথে সে অনেক ভূল ভ্রান্তি করেছে এবং চলে যাবার পর থেকেই আমার একান্ত অনুগত আর বাধ্যগত হয়ে যায়। বাংলায় যাকে বলে শিষ্য। আমিও তাকে মন থেকে শিষ্যই মনে করতে শুরু করেছি। কার্যক্ষেত্রের নানা সুবিধা-অসুবিধা সে তাৎক্ষনিক আমাকে জানায় আর আমিও সাধ্যমত তাকে সহযোগিতা করি। তবে আজকাল অপ্রয়োজনেও সে ফোন করে যাতে আমি বিরক্ত হই।
   (৩)


অফিস চলাকালে আমার মুঠোফোন ভাইব্রেট মুডে অন করা থাকে। হঠাৎই হুম হুম করে ফোনটা বেজে উঠল। অনিলের কল দেখে কিছুটা বিরক্ত হলেও কল রিসিভ করলাম। ওর কথায় আমি একেবারেই হিম হয়ে গেলাম। আমাদের স্টোরের Arrow brand- এর প্রতিনিধি সুরেশ গত রাতে মারা গেছে। বিশ্বাস হয়েও যেন বিশ্বাস হলোনা। আমি ছুটে গেলাম ফ্লোরে। গিয়ে শুনলাম ঘটনা সত্য। গত রাতে কাজের শেষে স্টোর থেকে ফেরার মোটর সাইকেল পথে খাদে পরে দুর্ঘটনা ঘটে। মোটর সাইকেল চালাচ্ছিল সুরেশের বন্ধু স্টানলি। ঘটনাটির বর্ননায় ফ্লোরের বন্ধুরা যা জানাল- কিছুটা মদ্যপ অবস্থায়ই মোটর সাইকেলে চড়েছিল ওরা। ওদের দুজনেরই বাসা উইলসন গার্ডেন। তাই স্টানলি বানারঘাট্টা রোড থেকে জয়নগর নাইনথ ব্লক হয়ে উইলসন গার্ডেন যাচ্ছিল। পাহাড়ের উপর অবস্থিত ব্যাঙ্গালোর শহরের রাস্তা কখনো কখনো বেশ উচু আর বেশ নিচু তার ঢাল। তার উপর আছে ঘন ঘন হাম্প। অসতর্ক গাড়ি চালালেই এই হাম্পই হয়ে ওঠে মরণ ফাঁদ। স্টানলির ক্ষেত্রেও তাই ঘটেছে। জয়নগর নাইনথ ব্লক থেকে তিলক নগরের রাস্তা বেশ ঢালু তার উপর এক পসলা বৃষ্টির পরে ঝিম ঝিম মাথায় যথেষ্ট আলো থাকা সত্ত্বেও স্টানলি হাম্পটি দেখতে পায়নি। বোধ করি বেশ স্পীডও ছিল যার কারণে হাম্পের সংঘাতে মোটর সাইকেলটি বেশ উচুতে উঠেগিয়েছিল। সুরেশ পেছনে থাকায় সে ছিটকে রাস্তার পাশে পরে যায়। রাস্তার পাশে ছিল ড্রেন। আর ড্রেনের ধারের সাথে তার মাথার সংঘাত হয়। এই সংঘাতের ফলেই সৃষ্ট মস্তিষ্কের রক্তক্ষরনের কারণে সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পরে সুরেশ। আর স্টানলি বেঁচে আছে হাসপাতালে; মৃত্যুর সাথে প্রতি মুহুর্তের পাঞ্জা লরে যাচ্ছে সে।


সুরেশ একটি হাস্যোজ্জল মুখ। খুব ভাল নাচ জানত। আমি ওর নাচ দেখে মুগ্ধ হতাম। আমাদের ইন্টার স্টোর কম্পিটিশনে সর্বদাই প্রথম হত সুরেশ। কানাড়া ভাষায় পরিচালিত অনুষ্ঠান আমার ভাল লাগত না। শুধুমাত্র সুরেশের নাচ দেখার জন্যই আমি অধির আগ্রহে অপেক্ষা করতাম।


সুরেশের সাথে আমার সখ্যতা ছিলনা। প্রফেশনাল কথা-বার্তার সাথে সুমিষ্ট আন্তরিকতার মিশ্রন থাকত সর্বদাই।
সুরেশের স্মৃতি রোমন্থন করতে গিয়ে হঠাৎ আমার খেয়াল হলো আমার গায়ের নীল শার্টটির কথা। অনেক দিন পর আজ গায়ে পরে এসেছি। এটা কি ধরনের কো- ইনসিডেন্ট? ভাবতেই আমার সর্বাঙ্গের লোম-কূপ যেন শক্ত হয়ে গেল। খানিকক্ষন তাকিয়ে দেখলাম আমার শার্টটি। এই শার্টটি আমি ১৯০০ রুপি দিয়ে কিনেছিলাম যেটি আমার সর্বকালের দামী শার্ট। প্রিমিয়াম কটনের শার্ট। মুম্বাই কন্ফারেন্সে যোগ দেবার জন্য আমি এটি শার্ট আর একটি টাই কিনব বলে ফ্লোরে গেলাম। অনেক দেখেও আমার পছন্দ হলো না। অবশেষে সুরেশ আমার জন্য এই নীল শার্টটি আর একটি টাই পছন্দ করে দিয়েছিল। মুম্বাই কন্ফারেন্সের পর আজই প্রথম এই শার্টটি পরেছি। চেয়ে রইলাম আমার নিজের শার্টটির দিকে। আর ভাবলাম- মানুষের জীবন এত ছোট আর মৃত্যু এত কাছের? আমি আর দেখতে পাবনা ইন্টার স্টোর কম্পিটিশনে আপডি পোডে....আপডি পোডে... গানের তালে তালে সুরেশের অভূতপূর্ব নাচ।


(৪)

দিনটা যেন কেমন। ভাবছিলাম আজ একটু আগেই ফিরব। কিন্তু স্টোর সিকিউরিটি একটা ক্লোজিং শিট নিয়ে হাজির। আমার আজ স্টোর ক্লোজিং। ৭৬০০ বর্গফুটের স্টোর মাসে অন্ততঃ একবার ওপেনিং কিংবা ক্লোজিং করতেই হয় প্রত্যেক ম্যানেজারকে। যেটা আমাদের কোম্পানির রুল। এবং এই opening  আর closing procedure অন্ততঃ দেড় ঘন্টার কাজ। এর উপর আইটি ডিপার্টমেন্টের যদি কোন কারণে মুম্বাইর কন্ট্রোল নিতে দেরী হয় তবে তো কথাই নাই। অনির্দিষ্ট কালের অপেক্ষা। শুরু করলাম procedure। একজন সিকিউরিটি অফিসার আর আমি। এভাবেই ক্লোজিং এর কাজ করতে হয়। সিকিউরিটি সরাসরি আমাদের বেতনভূক্ত নয় কিন্তু তারা আমাদের হয়েই কাজ করে। সিস্টেম অত্যন্ত ভাল। কোন ক্রমেই আমাদের কোন employee বিনা চেকিংয়ে স্টোরে ঢুকতে পারে না। সে যদি আমাদেন সি ই ও গোবিন্দ স্রিখান্ডে কিংবা ম্যানেজিং ডাইরেক্টর বি এস নাগেশ ও হয় তবুও তাদের চেক করবে সাধারণ employee- র মত। যা হোক- closing procedure শুরু করতে বেশ সময় চলে গেল। এর পর কুড়ি খানেক সই স্টিকারে। ঘন্টা খানেক অপেক্ষা আইটি ডিপার্টমেন্টের জন্য। স্টোর ক্লোজ করে ভাবলাম-এই বুঝি দিনের সমস্ত ক্লান্তির অবসান। কিন্তু হায়! আমার মোটর সাইকেলটা কিছুতেই স্টার্ট নিচ্ছেনা। আমার KB Champion মোটর সাইকেল খুব কমই ডিস্টার্ব করে। মাইলেজও ভালই। আমি আমার মোটর সাইকেল নিয়ে খুব খুশি। বছর পাচেঁক আগে মাত্র পনর হাজার রুপি দিয়ে কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেলটি। আজও মনে হয় নতুনই চালাচ্ছি। যা হোক, মোটর সাইকেলটিতে যে কি প্রবলেম হলো বুঝতে পারলাম না। অগত্যা মোটর সাইকেলটি রেখে অফিসের গাড়িতেই ফেরার ব্যবস্থা করতে হলো। একজন সিকিউরিটি ড্রাইভার নিয়ে গাড়িতে উঠলাম।
(৫)

১৩৩ নং সাকামবাড়ি নগর আমার ভাড়া বাসা। বাসায় আমরা দু'জন থাকি। আমি আর রাহুল। রাহুল অরুনাচলের বাঙ্গালী। বাংলায় অনেক কাঁচা। ওর পূর্ব পুরুষ ছিল সিলেটি। সেখান থেকে দেশ বিভক্তির আগেই চলে আসেন বর্তমান ভারতের শিলচরে। এরপর পিতার চাকুরির সুবাদে রাহুলরা চলে আসে অরুনাচলে। আর এখন তারা অরুনাচলেরই বাসিন্দা। রাহুল আমার এক বছরের জুনিয়র। আমার খুবই স্নেহভাজন ও। আমাকেও সে বড় ভাইয়ের মতই সম্মান করে। দু'ভাইয়ের মাঝে রাহুল ছোট। আর দু ভাইয়ের মাঝে আমি বড়। আমাদের সম্পর্কটা যেন দু'ভায়ের। যেন আমার ভাইয়ের অভাবটা ও অনেকাংশে পূরণ করতে পেরেছে। হোস্টেলে প্রথম জুনিয়র হিসেবে এসেছিল রাহুল আমাদের কম্পিউটার বিজ্ঞান বিভাগেই। আমাদের হোস্টেলটি ছিল মূলতঃ ফার্মেসি বিভাগের এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পাঁচ কিলোমিটার দূরে। কতৃপক্ষ এই ফ্লাটটি কিনে এটিকে হোস্টেলে রূপান্তর করেছে। ভাগ্যক্রমে কতৃপক্ষের নমনিয়তায় আমি আর আমার সবচেয়ে ঘনিষ্ঠ বাঙ্গালী বন্ধু প্রতীক সিনহা ঢুকে পরেছিলাম এই হোস্টেলে। সিট পাবার পর থেকেই র‌্যাগিংয়ের যন্ত্রনায় অস্থির ছিলাম আমরা। বাংলাদেশী ছাত্র হিসাবে আমি আর প্রতীক সেন্ট জোভিয়ার্সের ছাত্র হিসেবে কিছুটা ছাড় পেলেও মানসিক চাপ ছিল বেশ। অলিখিত র‌্যাগিং নিয়মে ছিল একই রাজ্যের একই হোস্টেলের একই ডিপার্টমেন্টের এক বছরের সিনিয়র ছাত্ররাই শুধুমাত্র জুনিয়রদের র‌্যাগিং করতে পারবে। আমাদের নিজস্ব ডিপার্টমেন্টের সিনিয়র না থাকলেও ফার্মেসি বিভাগের বাঙ্গালী সিনিয়রদের যন্ত্রনায়ই আমরা একরকম অস্থির ছিলাম। মাঝে মাঝে নাচতে গাইতে হতো। বছর ঘুরতেই সমস্ত পরিবর্তন হয়ে গেল। আমরা সিনিয়র বনে গেলাম। রাহুল এল আমাদের জুনিয়র হিসেবে। আমি আর প্রতীক তাকে অভয় দিলাম। র‌্যাগিং সংক্রান্ত বিষয়ে সে মুক্ত। আরও আস্বস্ত করলাম- পড়াশুনার বিষয়ে কোন সহযোগিতা প্রয়োজন হলে যেন আমাদের জানায়; সাধ্যমত আমরা সহযোগিতা করব। সেই থেকে রাহুলের সাথে আমার ঘনিষ্ঠতা। হোস্টেলের দিন শেষে আমি আমার এক স্বদেশী বন্ধুর সাথে এক বছর ছিলাম। এই এক বছরের বেকার জীবনে বাংলাদেশী ছাত্র হওয়ায় না পেলাম কোন চাকুরী না পারলাম বাবার কাছ থেকে এম. সি এ করার জন্য অর্থ চাইতে। পার্টটাইম চাকুরীতে যখন আর চলছিল না রাহুল আমাকে নিয়ে এসেছিল তার রুমে। আমাদের দু'জনের টপ ফ্লোরের বাসায় যেন শান্তি আর শান্তি। আজকাল সপ্তাহে মাত্র দু'দিন আমাদের কথা হয়। অন্য দিন হয়না। তার কারণ রাহুল একটা মাল্টিন্যাশনাল কোম্পানীতে কাজ করে টাইমিং ভোর ছয়টা থেকে বিকাল পাঁচটা আর আমি বেলা একটা থেকে রাত দশটা। সুতরাং আমি যখন ফিরে আসি রাহুল তখন ঘুমে আর ও যখন চলে যায় তখন আমি ঘুমে থাকি। দু'জনেরই আনন্দের প্রকৃতি ভিন্ন। আমি পছন্দ করি উল্লাস আর ও নীরবতা। আমি ওকে ফিরিয়ে আনতে চাই বাংলায় আর ও আমাকে বাংলা থেকে বের করতে চায়। এমন হলেও আন্তরিকতার ঘাটতি কোন পক্ষেরই হয়ে ওঠেনি। Sacrifice যে আন্তরিকতার গাঁথুনি তা সহজে নিঃশেষ হয়না।
(৬)

গাড়ি থেকে বাসার খানিকটা দূরে আমাকে নামিয়ে দিয়ে সিকিউরিটি ড্রাইভার চলে গেছে। আমি মাত্র নেমেছি। কেমন যেন শীতল হাওয়া প্রচন্ড বেগে বয়ে গেল। যেন কার ছোয়া স্পর্শ করে গেল। সে কি সুরেন্দ্র!  আজ তাকে অনেক স্মরন করেছি। কলিগদের সাথেও অনেক কথা হয়েছিল ওর বিষয়ে। ভাবছিলাম একবার গিয়ে শেষ বারের মত তাকে দেখে আসি কিন্তু মন সায় দিল না। আমার স্মৃতিতে সুরেন্দ্র একটি হাস্যোজ্জল মুখ নিয়ে বেঁচে আছে, আজকের শেষ বিদায়ের বিভৎসতা দিয়ে তার পরিবর্তনকে সায় দিল না মন। ফিরে দেখলাম গাড়িটি কত দূরে চলে গেছে.. আর দেখতে পেলাম না। এত দ্রুত কি গাড়িটি অক্ষির অগোচর হয়ে গেল? সোজা রাস্তা, রাস্তা লাইটগুলি স্পষ্ট। আমার ভাবনার জন্য সময়ওতো নেইনি। সামনে মাত্র দু'তিন পা এগিয়েছি। 
তাহলে?
আবারও হাটা শুরু করলাম। দুটো গলি পার হয়েই আমার বাসা। গিয়ে দেখব রাহুল ঘুমিয়ে আছে। ফ্রিজে খাবার তোলা আছে। ওভেনে গরম করব, খাব তার পরই একটা লম্বা ঘুমেই আজকের সমস্ত ক্লান্তির অবসান। 
পথ যেন আর চলছে না। রাস্তা মাত্র হাত পঞ্চাশেক কিন্তু মনে হচ্ছে যেন মাইল। আবারও বাতাস বয়ে গেল। এই বাতাস আমার সর্বাঙ্গ হিম করে দিল আর সমস্ত লোম কূপ খাড়া হয়ে গেল। মনে হচ্ছে যেন এই বাতাসের অনুভূতি আমার জীবনের প্রথম। বাতাস বিশেষ ঠান্ডা না। ব্যাঙ্গালোরে ঘন ঘন বৃষ্টি হয় কিন্তু বৃষ্টি হবার বাতাস তো এরকম নয়। বাতাসের সাথে সাথে মেহগনি গাছের শুকনো অনেক পাতা উড়ে এসে রাস্তা ছেয়ে গেল আমার সামনে। এত শুকনো পাতা রাস্তায় আমি কোনদিন জড়ো হতে দেখিনি। হ্যাঁ মনে আছেতো..যখন গাড়ি থেকে নেমেছি তখন তো রাস্তায় কোন পাতা ছিলনা। নিজের অভ্যন্তরে কিছুটা ভীতির সঞ্চার হলো।
কি করব? বাকী পথটা কি দৌড়ে সাবার করব? না, মনে সায় পেলাম না। সামনের লাইট পোষ্টটা আমার বাসা থেকে খানিকটা দূরে। এই তো দেখা যাচ্ছে..বাসার খুব কাছে চলে এসেছি। লাইট পোষ্টটির কাছের বটের ছায়ায় আলোটা ঠিক রাস্তায় পৌছাচ্ছেনা। পেছন থেকে খচ্ খচ্ শব্দ করে দপ্ করে আমার সামনে থেকে কালো মত কিযেন একটা চলে গেল। মা! করে চিৎকার করলাম নিজের অজান্তে। ধৈর্য আর মানল না। দিলাম দৌড়।
বাসার গেটটি খোলা কিন্তু কিছুতেই খুলতে পারছিনা। হাত কাঁপছে থর থর করে। মনে হচ্ছে কেউ আমার পেছনে দাড়িয়ে আছে। ভীতি আমাকে এতটাই গ্রাস করেছে পাশ ফিরে তাকাতে পারছি না। আমার ভাবনার কোন শক্তি যেন আর নেই। কেমন করে যেন মনে হলো গেটের ভেতরের দিকটায় তো আরও একটি লক আছে। হাত ঢুকিয়ে খুললাম সেটিকে। আমাদের বাসা চার তলায়। বাড়িটির সিড়ি বাইরের দিকে। বিল্ডিংয়ের জায়গা বাঁচানোর জন্যই ব্যাঙ্গালোরের অধিকাংশ বাড়িই এভাবে করা। যা হোক, বিল্ডিংয়ের ভেতরে ঢুকে মনে হচ্ছে যেন সব কিছুই অন্যরকম। সিড়ি গুলো চেনা, হাতল গুলো চেনা কিন্তু সমস্তই মাকড়সার জালে আবিষ্ট। মনে হচ্ছে যেন কত কালের পরিত্যাক্ত বিল্ডিংয়ে ঢুকেছি। সিড়ি বেয়ে বেয়ে উঠছি..ভাবছি স্বপ্নে দেখছি না তো? এক হাত দিয়ে অন্য হাতে চিমটি কাটলাম। হ্যাঁ সত্যিই স্বপ্নে দেখছিনা। তবে কি হচ্ছে এ সব?? শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ ভীত-সন্ত্রস্ত হয়ে যেন সবকিছু অনুভূতির অতীত হয়ে গেছে। অনেক মাকড়সার জাল ছিন্ন করে চার তলায় গিয়ে দেখি রুম খোলা। আমার রুমে লাইট জ্বলছে তবে তাও মাকড়সার জালে আবিষ্ট। এনার্জি বাল্ব তবে আলো দিচ্ছে অতি অল্প।
রুমে ঢুকে হাত ঘড়িটা খুলে টেবিলে রাখলাম। বিছানায় দেখি রাহুল শুয়ে আছে। রাহুল কখনো আমার বিছানায় শোয়না। আমিও কখনো ওর বিছানায় শুইনা। কিন্তু আজ দেখছি চিৎ হয়ে শুয়ে আছে। ভাল করে লক্ষ্য করে দেখলাম মুখটি ফ্যাকাসে অর্থাৎ কিনা রক্ত শুন্যতার মত। কপালে একটা ক্ষত। কিছুটা শুকনো ক্ষত। আমি রাহুলের গায়ে হাত দিয়ে ডাকলাম- রাহুল ...।
একি! রাহুলের গা হিম ঠান্ডা। একটা কাপড় পর্যন্ত গায়ে নেই। হাতটি তুলে ওর কপালে রাখলাম। হ্যাঁ ঠিক একই রকম ঠান্ডা। এর পর যে কি হলো মনে নেই..।
চোখ মেলে দেখি মাথার উপর হুকে একটা স্যালাইন ঝুলছে। হাতটা নড়াচড়ার চেষ্টা করলে কিছুটা ব্যাথা অনুভব করলাম। ফিরে দেখি পাশে রাহুল। বলল- তুমি হাসপাতালে। ডাক্তার বলেছে তুমি সুস্থ আছ।
জ্বরে গোঙ্গাচ্ছিলে। আমি উপায়ান্ত না দেখে হাসপাতালে নিয়ে এসেছি।
তোমার এত জ্বর আমাকে তো বলনি।
আমি ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম রাত গত হয়ে সকাল নয়টা। গতকাল সমস্ত দিনটি আমি মনে করার চেষ্টা করলাম। সমস্তই মনে পড়ল। আমার গত দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা রাহুলকে কি বললব? সত্যতা যাচাইয়ের জন্য।
না বলা যাবে না। মিছে ওর হাসির গল্প হয়ে যাব। ভাবতে ভাবতে রাহুলের দিকে তাকিয়ে দেখি কপালে সেই শুকনো ক্ষত। মনে হচ্ছে যেন আরও স্পষ্ট। জিজ্ঞেস করলাম- তোমার কপালে কি হয়েছে? দাগ কিসের? রাহুল আমার দিকে তাকিয়ে রহস্যময় মুচকি হাসি দিল।


নাজিরপুর, ০৭.১১.২০১১

২টি মন্তব্য:

anwynd বলেছেন...

Gurudeb arokom aro koyekta lagbe :)

Brilliant stuff :)

Protik

Rana Prashad বলেছেন...

Thanks for your comment. I'm uploading few more within a short while require your blessings and honest feedback. U can imagine my feelings after seeing ur comment :)

একটি মন্তব্য পোস্ট করুন